NewsBit

আইসিসির ১১১তম সদস্য করা হলো আফ্রিকান ছোট্ট একটি দেশকে


ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকান ছোট্ট একটি দ্বীপদেশ মরিশাস। মাত্র ৭৯০ বর্গমাইল এবং প্রায় সাড়ে ১২ লাখ জনসংখ্যার দেশটিতে আইসিসির ১১১তম সদস্য দেশ হিসেবে ঘোষণা করা হলো। আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত সভায় মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সদস্যপদের শর্ত ভঙ্গ করায় ফ্রান্স ক্রিকেটকে `অন নোটিশ‘ বা আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সভায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ) ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলারের (১২.৮২ মিলিয়ন) ঋণ অনুমোদন করা হয়েছে। পাশাপাশি স্থগিত থাকা ক্রিকেট কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্য নির্দিষ্ট কিছু শর্তও চূড়ান্ত করেছে আইসিসি।

মরিশাস পেল পূর্ণ সদস্যপদের স্বীকৃতি

আইসিসির সদস্যসংখ্যা আরও এক ধাপ বাড়িয়ে ১১১-এ নিয়ে গেছে মরিশাস। নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক ক্রিকেটের উন্নয়ন কার্যক্রমে আরও বড় পরিসরে অংশ নেওয়ার সুযোগ পাবে।

ফ্রান্স ক্রিকেটের বিরুদ্ধে ব্যবস্থা

আইসিসি জানিয়েছে, সদস্যপদের নির্ধারিত মানদণ্ড লঙ্ঘন করেছে ফ্রান্স ক্রিকেট। এ কারণে সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। যদিও আপাতত তাদের বিরুদ্ধে অতিরিক্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করা হয়নি।

শ্রীলঙ্কা ক্রিকেটে নজর রাখছে আইসিসি

সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নতুন সংবিধান প্রণয়নের অগ্রগতির বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, তারা এ বিষয়ে অগ্রগতি লক্ষ্য করেছে। তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে আইসিসি নিশ্চিত করেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি আইসিসির বোর্ড সভায় অংশ নিতে পারবেন না। জুন মাসের ত্রৈমাসিক সভাতেও এসএলসির কোনো প্রতিনিধি আমন্ত্রণ পাননি।

উল্লেখ্য, মে মাসে শ্রীলঙ্কা সরকারের উদ্যোগে নির্বাচিত বোর্ডকে অপসারণ করে একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করা হয়, যার দায়িত্ব দেশটির ক্রিকেট প্রশাসনে সংস্কার আনা।

নতুন দুটি কমিটি গঠন

ক্রিকেট প্রশাসন আরও কার্যকর করতে দুটি নতুন উপ-কমিটি গঠন করেছে আইসিসি।

গভর্ন্যান্স রিভিউ কমিটি পরিচালনা করবেন-

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সহসভাপতি মোহাম্মদ মুসাজি
আইসিসির স্বাধীন পরিচালক ড. রস রিভাজ

অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটিতে রয়েছেন-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল
ক্রিকেট নামিবিয়ার রুডি ফন ভ্যুরেন
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড
ক্রিকেট অস্ট্রেলিযার টড গ্রিনবার্গ
দেবজিৎ সাইকিয়া

ক্রিকেট কানাডার পুনর্বহালে শর্ত

সদস্যপদের গুরুতর দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে জুন মাসে ক্রিকেট কানাডাকে সাময়িকভাবে স্থগিত করেছিল আইসিসি। সংস্থাটি পরে জানায়, পুনর্বহালের লক্ষ্যে তারা একটি ‘সমন্বিত কর্মপরিকল্পনা’ জমা দিয়েছে।

এবার আইসিসি সেই পুনর্বহালের জন্য আনুষ্ঠানিক শর্ত নির্ধারণ করেছে। বোর্ড জানিয়েছে, নির্ধারিত সব শর্ত পূরণ করতে পারলেই ক্রিকেট কানাডার স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

আইএইচএস/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।


Related Articles

Back to top button