চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিকের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে গুরুতর আহত শ্রমিক মোহাম্মদ নুরুল আলম (৪৫) ও দিদারুল আলম (৩২) মারা যান। নুরুল পটিয়ার হুলাইনের ও দিদারুল বোয়ালখালীর বাসিন্দা।
আজ সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে এখনো তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কনফিডেন্ট সল্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আহত শ্রমিকদের চিকিৎসার সব ব্যবস্থা করেছে।



