মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানী ঢাকা থেকে র্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিলন মোল্লা উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামের মফেজ মোল্লার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে কিছুদিন আগে শিক্ষক ইমাম হোসেন রাজন শিকদারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের পরিবার মিলন মোল্লাকে প্রধান আসামি করে কালকিনি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন জানান, যৌথ অভিযানে প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল আলম বলেন, “শিক্ষক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।
সান নিউজ/ জামান



